প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কের মিল্টন বাজার এলাকায় অজ্ঞাত বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হামিম মল্লিক (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। ২৮ অক্টোবর (বুধবার) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি অজ্ঞাত ও যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
নিহত মোটরসাইকেল চালক হামিম সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গদাইখালী এলাকার ইলিয়াস মল্লিকের ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আজাদ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।