Jugersathi

গোপালগঞ্জ জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হাফিজা খানম

স্টাফ রিপোর্টার :
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর জেলা পর্যায়ের চূড়ান্ত মূল্যায়নে গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (মহিলা, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পরীক্ষণ বিদ্যালয়, পিটিআই) নির্বাচিত হয়েছেন হাফিজা খানম। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার ৯৯ নং নীলখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন অত্যন্ত দক্ষ ও জনপ্রিয় সহকারী শিক্ষিকা।

গোপালগঞ্জ জেলা বাছাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এবং সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের যৌথ মূল্যায়নে চূড়ান্ত তালিকায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ ছাড়াও ২০২২ ও ২০২৪ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নারী সহকারী শিক্ষক এবং ২০২৪ সালে বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকারের গৌরবময় অর্জন রয়েছে গুণি এই শিক্ষকের।

গুণী এই শিক্ষিকার অনন্য অর্জনে জেলার শিক্ষাঙ্গনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোয়ার বইছে।
শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত নির্দেশিকা ও সূচকের ভিত্তিতে এই শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়। একজন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনে নিম্নলিখিত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, শ্রেণীকক্ষে দক্ষতা ও আধুনিক শিক্ষাদান, শিক্ষার্থীদের প্রতি যত্ন, ব্যক্তিত্ব ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম, শিক্ষার্থীদের কাছে আদর্শ শিক্ষক হিসেবে গ্রহণযোগ্যতা, সুন্দর হাতের লেখা এবং শিশুদের ক্রীড়া, সংস্কৃতি ও কাব স্কাউটিংয়ের মতো কার্যক্রমে বিশেষ অবদান রাখা।
এই নির্বাচন প্রক্রিয়াটি কয়েকটি ধাপে অত্যন্ত স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়। প্রথমে ইউনিয়ন বা ক্লাস্টার পর্যায় থেকে যাচাই-বাছাই করে শিক্ষকের আবেদন ও তথ্যপ্রমাণ উপজেলা বাছাই কমিটিতে পাঠানো হয়। উপজেলা পর্যায়ে ভাইভা, শ্রেণীকক্ষে পাঠদানের রেকর্ড এবং প্রামাণ্য দলিলপত্র যাচাই করে উপজেলা সেরা নির্বাচন করা হয়। পরবর্তীতে উপজেলার সেরা শিক্ষকদের মধ্য থেকে জেলা বাছাই কমিটি চূড়ান্ত মূল্যায়নের মাধ্যমে জেলা সেরা নির্বাচন করেন।

এই গৌরবময় অর্জনে অনুভূতি প্রকাশ করে হাফিজা খানম বলেন, যেকোনো স্বীকৃতি কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। আমি আমার বিদ্যালয়ের প্রতিটি শিশুর মেধা বিকাশে এবং জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আজীবন কাজ করে যেতে চাই। এই অর্জন আমার একার নয়, এটি আমার বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার।

তার এই সাফল্যে ৯৯ নং নীলখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, উপজেলা শিক্ষা অফিস এবং স্থানীয় সুধীসমাজ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Scroll to Top