স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক কালাম তালুকদার। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের দ্বিতীয় তলার হলরুম থেকে বের হওয়ার সময় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষের সামনে এ ঘটনা ঘটে।
আহত কালাম তালুকদার কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের আলো পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। তিনি রাধাগঞ্জ ইউনিয়নের শ্রীফলবাড়ি গ্রামের প্রয়াত জবেদ আলী তালুকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভার সংবাদ সংগ্রহ করতে কালাম তালুকদার হলরুমে গিয়েছিলেন। সভা চলাকালিন সময়ে কক্ষ থেকে বের হলে কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ, সদস্য সচিব
নিলয় হাওলাদার মোস্তফা এবং ধারাবাশাইল সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি হামিম বিশ্বাস সহ ১০/১২ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারপিঠ করে এবং টেনে হেচড়ে নিচ তলায় নিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে তিনি গুরুতর আহত করে। এ সময় হামলাকারীরা সাংবাদিক কালাম তালুকদারকে উপজেলায় না যাওয়ার জন্য হুমকী দিয়ে বলেন তোরা আর সাংবাদিকতা করতে পারবি না। তোদের যেন আর কোথাও না দেখি। পরে তাকে উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে বারা বার ফোন করেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষের সামনে ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই তীব্র নিন্দা, প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে- প্রেস ক্লাব গোপালগঞ্জ, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন ও কোটালীপাড়া সাংবাদিক ফোরামসহ জেলায় কর্মরত সাংবাদিকেরা।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, “পেশাগত দায়িত্ব পালনকালে প্রশাসনের নাকের ডগায় একজন সাংবাদিকের ওপর এই ধরণের বর্বরোচিত হামলা মুক্ত সাংবাদিকতার ওপর চরম আঘাত। আমরা অনতিবিলম্বে লালন শেখসহ এই হামলার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
বিষয়টি জানার জন্য উপজেলা নির্বাহী অফিসার সাগুফপ্তা হককে বারবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
জেলা প্রশাসক মোঃ আরিফ উজ-জামান বলেন, বিষয়টি আমি জেনেছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।