স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির মেয়াদোত্তীর্ণ কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১৩ সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১১ মার্চ, ২০২৬) বিকেলে জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনজীবীরা এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের। তিনি জানান, বিদ্যমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ গত ৩০ জুন, ২০২৫ তারিখে শেষ হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদের এক মাস পূর্বে নির্বাচনের তফসিল ঘোষণা এবং ১৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নিয়ম থাকলেও, বিদায়ী কমিটি বিভিন্ন ‘অযৌক্তিক অজুহাতে’ নির্বাচন না দিয়ে কালক্ষেপণ করছিল।
বক্তব্যে আরো উল্লেখ করেন, মেয়াদ শেষ হওয়ার পর সাধারণ আইনজীবীদের বারবার অনুরোধ সত্ত্বেও নির্বাচন না দেওয়ায় আইনজীবীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং বারের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গত ১০ মার্চ আইনজীবীদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত প্রায় ২০০ জন আইনজীবীর সর্বসম্মতিক্রমে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পেশাগত কার্যক্রম ও আগামী নির্বাচন পরিচালনার জন্য ১৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয় যে, গঠনতন্ত্রের ১৪ নম্বর ধারায় কমিটির মেয়াদ সংক্রান্ত বিষয়গুলো উল্লেখ থাকলেও কিছু অস্পষ্টতা রয়েছে। তবে সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে বারের সার্থ রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবগঠিত আহ্বায়ক কমিটি দ্রুততম সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশাবাদ ব্যক্ত করা করেন।