Jugersathi

গোপালগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ফুকরা সরদার পাড়া গ্রামে এই অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত কাশিয়ানীর  ফুকরা গ্রামের সরদায় অভিযান চালানো হয়। অভিযানে মাদক কারবারি মো. শাহিন শেখের (৩৫) বসতঘরে তল্লাশি চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শাহিন কাশিয়ানী থানার ফুকরা সরদার পাড়া গ্রামের মৃত মোরাদ মোল্লার ছেলে।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনতে তারা বদ্ধপরিকর।

Scroll to Top