Jugersathi

গোপালগঞ্জে ব্যাংক থেকে ২০ লক্ষ টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

গোপালগঞ্জে ব্যাংক ম্যানেজারের কক্ষ থেকে ২০ লক্ষ টাকা চুরির চাঞ্চল্যকর ও ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ঘটনায় জড়িত পেশাদার চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে উদ্ধার করা হয়েছে নগদ টাকা, চুরির টাকায় কেনা জমির দলিল এবং অপরাধে ব্যবহৃত একটি সুজুকি মোটরসাইকেল।

গত ৯ ফেব্রুয়ারি দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ইসলামী ব্যাংকের ম্যানেজারের অফিস কক্ষ থেকে মামলার বাদী ও ব্যাংকের ম্যানেজার ফজলুল হকের কক্ষ থেকে ২০ লক্ষ টাকা চুরি হয়। এই ঘটনায় ১৩ ফেব্রুয়ারি সদর থানায় মামলা দায়েরের পর পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ‘র নির্দেশনায় তদন্তে নামে জেলা গোয়েন্দা শাখা। ডিবি’র অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. হাসানুর রহমান সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান শনাক্ত করেন।

পরবর্তীতে খুলনা জেলার দিঘলিয়া থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে মো. টিটন খান (৩৬) ও মো. ইউনুস শেখ (৪৭) নামক দুই আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে ২৭ হাজার টাকা মুল্যের চোরাই মালামাল এবং চুরিকৃত ১৬ লক্ষ ৩৮ হাজার টাকা দিয়ে কেনা জমির দলিলের রশিদ উদ্ধার করে পুলিশ। এছাড়াও চুরির কাজে ব্যবহৃত একটি কালো রঙের ১৫৫ সিসি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।

রোববার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা পেশাদার চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় বর্তমানে ১৫টি মামলা বিচারাধীন রয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় সুকৌশলে চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

Scroll to Top