এবার ভোট করছে ৫০টি দল।
নিজস্ব প্রতিবেদক
দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ ভোট বর্জন করেছিল দুবার; আর এবার নিবন্ধন স্থগিত থাকায় ভোট করার সুযোগই পায়নি। ফলে পোস্টাল ব্যালটেও নেই নৌকা মার্কা।
আন্দোলনের মধ্যে ১৯৮৮ সালে ও ১৯৯৬ সালে ভোট বর্জন করেছিল আওয়ামী লীগ। সব মিলিয়ে ১৩টি নির্বাচনের মধ্যে তিনটির ব্যালট পেপারে থাকল না নৌকা প্রতীক।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ডে গত বছরের ১২ মে নিষেধাজ্ঞা আরোপ করে অন্তর্বর্তী সরকার। এর পরপরই রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধনও স্থগিত করে ইসি।
অভ্যুত্থান দমাতে ‘গুম, খুন, পুড়িয়ে মানুষ হত্যা, গণহত্যা, বেআইনি আটক, অমানবিক নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কার্য ও মানবতাবিরোধী অপরাধের’ জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সব কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করার কথা জানায় সরকার। ফলে ছয় মেয়াদে দুই যুগের বেশি সময় সরকারে থাকা দলটির নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে যায়।
>> ৭ মার্চ ১৯৭৩: বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন।
>> ১৮ ফেব্রুয়ারি ১৯৭৯: দ্বিতীয় সংসদ নির্বাচনে আব্দুল মালেক উকিলের নেত্বত্বে আওয়ামী লীগ অংশগ্রহণ করে যায় বিরোধী দলের আসনে, বিএনপি পায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা।
>> ৭ মে ১৯৮৬: তৃতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করে বিরোধী দলের আসন লাভ করে; ভোটে অংশ নেওয়ার প্রশ্নে ১৫ দলীয় ঐক্যজোটে ভাঙন দেখা দেয়।
>> ৩ মার্চ ১৯৮৮: চতুর্থ সংসদ নির্বাচনে আওয়ামী লীগসহ বেশিরভাগ দল ভোট বর্জন করে।
>> ২৭ ফেব্রুয়ারি ১৯৯১: অস্থায়ী সরকারের অধীনে পঞ্চম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের অংশগ্রহণ। বিএনপির জয়ের পর সূক্ষ্ম কারচুপির অভিযোগ তোলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
>> ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের দাবিতে আন্দোলনরত আওয়ামী লীগ ষষ্ঠ সংসদ নির্বাচন বর্জন করে।
>> ১২ জুন ১৯৯৬: সপ্তম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা অর্জন।
>> ১ অক্টোবর ২০০১: মেয়াদ পূর্ণ করার পর অষ্টম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় ঘটে।
>> ২৯ ডিসেম্বর ২০০৮: নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট জয় পায়।
>> ৫ জানুয়ারি ২০১৪: বিএনপি ও কয়েকটি বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট পায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা।
>> ৩০ ডিসেম্বর ২০১৮: নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৮টিতে জয় পায় আওয়ামী লীগ।
>> ৭ জানুয়ারি ২০২৪: দ্বাদশ সংসদ নির্বাচনে ২২২টি আসনে জয় পায় আওয়ামী লীগ। বিএনপিসহ ১৬টি দল ভোট বর্জন করে।
>> ১২ ফেব্রুয়ারি ২০২৬: নিবন্ধন স্থগিত থাকায় ভোট করার সুযোগই নেই আওয়ামী লীগ।
২০০৮ সালে দল নিবন্ধন প্রথা চালুর পর ৬৩টি দল নিবন্ধন পেয়েছে। এর মধ্যে তিনটি দলের নিবন্ধন বাতিল হয়েছে, আর একটির নিবন্ধন স্থগিত রয়েছে।
৬০টি দলের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৫০টি দল ভোটে অংশ নিচ্ছে। এতে দলীয় ও স্বতন্ত্র মিলে ২০০৯ জন প্রার্থী রয়েছেন।