Jugersathi

সংখ্যালঘুদের সাহস জোগাতে ও উৎসবের ভোট ফেরাতেই আমার প্রার্থী হওয়া; গোপালগঞ্জে ড. গোবিন্দ প্রামাণিক

স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেছেন, ভোটারদের বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মনের দীর্ঘদিনের ভয় ও শঙ্কা দূর করতেই তিনি নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। তিনি মনে করেন, তিনি প্রার্থী না হলে এই অঞ্চলের একটি বড় অংশের মানুষ ভোটকেন্দ্রে যাওয়ার সাহস পেত না।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে প্রার্থনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সমাধি সৌধের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় তিনি ফটকের বাইরে দাঁড়িয়েই কর্মী-সমর্থকদের নিয়ে তাঁর প্রার্থনা সম্পন্ন করেন।
বঙ্গবন্ধু ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’ এবং তাঁর সমাধিস্থলকে ‘সমগ্র বাঙালি জাতির পবিত্র তীর্থস্থান’ হিসেবে আখ্যায়িত করেন ড. গোবিন্দ প্রামাণিক। তিনি আবেগালুত কণ্ঠে বলেন, “বঙ্গবন্ধুর সমাধিস্থল দর্শন করা প্রত্যেক বাঙালির জন্য সৌভাগ্যের বিষয়।
নিজের নির্বাচনী প্রতীক ‘ঘোড়া’ মার্কায় ভোট চেয়ে ড. গোবিন্দ বলেন, “আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। মানুষ আমাদের স্বাগত জানাচ্ছে। তারা এখন তাদের ভোটের মূল্য বুঝতে পারছে।”
তিনি অভিযোগ করে বলেন, একটি বড় রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চান। এছাড়া তিনি অন্য প্রার্থীদের কর্মকাণ্ড নিয়েও কথা বলেন।
তিনি আরও যোগ করেন, “প্রশাসন এখন পর্যন্ত নিরপেক্ষ ভূমিকা পালন করছে। আমরা চাই ১২ তারিখ পর্যন্ত একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকুক, যেখানে মানুষ নির্ভয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।”
প্রার্থনা শেষে তিনি টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করেন। এসময় তার সঙ্গে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ সমর্থকেরা উপস্থিত ছিলেন।

Scroll to Top