Jugersathi

একাত্তরকে সামনে রেখেই চব্বিশকে ধারণ করতে চাই: এস এম জিলানী

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া সংবাদদাতা:

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, “জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মাঠে নেই। অনেকে মনে করছেন এই সুযোগে একাত্তরকে মুছে দিয়ে চব্বিশকে সামনে নিয়ে আসা যাবে। আমি তাদের দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই—একাত্তর আমাদের মুক্তিযুদ্ধ, একাত্তর আমাদের স্বাধীনতা। এই একাত্তরই আগামী দিনের পথচলার প্রেরণা।”

সোমবার (২৬ জানুয়ারি) রাতে কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী তাঁর বক্তব্যে ঐতিহাসক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “যারা একাত্তরকে মুছে দিতে চায়, তাদের স্পষ্ট করে বলতে চাই—একাত্তর না থাকলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থাকতেন না, বিএনপির রাজনীতিও থাকত না। ঠিক তেমনি একাত্তর না থাকলে শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের রাজনীতিও থাকত না। তাই আমাদের একাত্তরের চেতনাকে সমুন্নত রাখতে হবে। আমরা একাত্তরকে সামনে রেখে চব্বিশকে ধারণ করতে চাই, এর বাইরে চিন্তা করার কোনো অবকাশ নেই।”

বান্ধাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি খবির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জনসভা শেষে এস এম জিলানী সাদুল্লাপুর ইউনিয়নের কোনের ভিটা গ্রামে ‘জয় হরি সেবাশ্রমে’ আয়োজিত একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন,

“আমি সুখে-দুঃখে আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই। আপনারা আমাকে একবার মহান সংসদে যাওয়ার সুযোগ করে দিন। নির্বাচিত হলে কোটালীপাড়া-টুঙ্গিপাড়াকে শান্তি ও সম্প্রীতির এক অনন্য আবাসভূমি হিসেবে গড়ে তুলব।”

Scroll to Top