Jugersathi

টুঙ্গিপাড়ায় সেনাসদস্যের ভুয়া পরিচয়দানকারি কিশোর আটক

টুঙ্গিপাড়া সংবাদদাতা:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ভুয়া পরিচয় দিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় রাহাত চৌধুরী (১৭) নামে এক কিশোরকে আটক করেছে যৌথবাহিনী। গত শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বর্ণি গ্রামের দক্ষিণপাড়া মুন্সিবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকি-টকি উদ্ধার করা হয়েছে।
আটক রাহাত চৌধুরী মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ভাগ্যকুল গ্রামের মৃত দেলোয়ার চৌধুরীর ছেলে। বর্তমানে সে গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়া (মোল্লাবাড়ি) এলাকায় বসবাস করছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ট্রাউজার পরিহিত অবস্থায় হাতে একটি ওয়াকি-টকি নিয়ে বর্ণি গ্রামে ঘোরাঘুরি করছিল রাহাত। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় সে নিজেকে সেনাবাহিনীর সদস্য এবং এলাকায় ‘গোয়েন্দা কার্যক্রমে’ নিয়োজিত আছে বলে দাবি করে। তবে স্থানীয়দের জেরার মুখে সে কোনো বৈধ পরিচয়পত্র বা আইডি কার্ড দেখাতে ব্যর্থ হয়। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে টুঙ্গিপাড়া থানা পুলিশ ও দায়িত্বরত সেনাবাহিনীকে জানানো হয়।

সংবাদ পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি টহল দল এবং সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথ অভিযানের মাধ্যমে তাকে আটক করে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক রাহাতের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪০ ও ১৭০ ধারায় একটি মামলা (মামলা নং ৮/২৬) দায়ের করা হয়েছে। আজ ২৫ জানুয়ারি (রবিবার) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ভুয়া পরিচয় দিয়ে কিশোর আটকের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষকে এ ধরনের প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

Scroll to Top