স্টাফ রিপোর্টার:
ঢাকা-১১ আসনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই এবং পরিকল্পিতভাবে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর শাহজাদপুর বাঁশতলা, নূরের চালা বাজার, নবধারা ও একতা সড়ক এলাকায় নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের কাছে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
নাহিদ ইসলাম বলেন, ১৬ বছর পর দেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি হলেও ঢাকা-১১ আসনসহ বিভিন্ন এলাকায় ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, প্রভাবশালী প্রার্থীরা নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা করছেন না। যত্রতত্র নিয়মবহির্ভূতভাবে পোস্টার টাঙানো হচ্ছে, অথচ সাধারণ প্রার্থীরা নিয়ম মেনে ব্যানার লাগাতে গেলে তাতে বাধা দেওয়া হচ্ছে এবং ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। এই নির্বাচনকে নতুন বাংলাদেশের ভাগ্য পরিবর্তন ও গণভোট হিসেবে উল্লেখ করে তিনি জনগণকে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান।
বিএনপির প্রতিশ্রুতির কড়া সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের কথা বলে ভোট কেনার কৌশল করা হচ্ছে, যা মূলত এক ধরনের ধোঁকাবাজি ও প্রতারণা। মানুষ এসব মিথ্যা আশ্বাসে আর বিশ্বাস করছে না কারণ এর আগে অনেকেই এমন প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি। তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তার নামে যেসব প্রলোভন দেখানো হচ্ছে তার কোনো বাস্তব ভিত্তি বা সুনির্দিষ্ট রূপরেখা নেই। কেবল সস্তা প্রতিশ্রুতি নয়, বরং জাতীয় সমস্যা সমাধান ও এর বাস্তবায়নযোগ্য পরিকল্পনা নিয়ে কথা বলা জরুরি।
এলাকার স্থানীয় সমস্যা ও মাদকের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শাপলা কলি মার্কার এই প্রার্থী বলেন, ঢাকা-১১ আসনে গ্যাস ও পানির তীব্র সংকট রয়েছে যা দ্রুত সমাধান করা প্রয়োজন। এছাড়া প্রশাসনের একাংশ ও রাজনৈতিক প্রভাবশালীদের মদদে এলাকায় প্রকাশ্যে মাদক কারবার চলছে, যা তরুণ সমাজকে ধ্বংস করছে। ৫ আগস্টের পর থেকে একটি নির্দিষ্ট দলের নেতাকর্মীদের মাধ্যমে চাঁদাবাজি ও ভূমি দখলের মহোৎসব চলছে বলেও তিনি মন্তব্য করেন। নির্বাচিত হলে এসব অনিয়ম দূর করে একটি বাসযোগ্য ও নিরাপদ এলাকা গড়ার প্রতিশ্রুতি দেন তিনি।