স্টাফ রিপোর্টার :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বাংলাদেশ পুলিশ বাহিনীকে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টার প্রত্যাশা অনুযায়ী ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ।”
রবিবার (১৮ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ পুলিশ লাইন্সে আয়োজিত বিশেষ কল্যাণ সভা ও পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত নিরাপত্তা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকাল ১০টায় ডিআইজি রেজাউল করিম মল্লিক গোপালগঞ্জ পুলিশ অফিসার্স মেসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ। এরপর জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় ডিআইজি মহোদয় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্য ও সিভিল স্টাফদের অভাব-অভিযোগ ও পেশাগত সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। বক্তব্যের শুরুতে তিনি মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদ এবং জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ প্রসঙ্গে ডিআইজি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি প্রতিটি থানার অফিসার ইনচার্জদের (ওসি) সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। একইসঙ্গে সাধারণ মানুষের আস্থা অর্জনে পুলিশকে ‘জনগণের বন্ধু’ হিসেবে কাজ করার আহ্বান জানান।
কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন, জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, র্যাব, এনএসআই, জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।
সভায় ডিআইজি ঢাকা রেঞ্জ সকল দপ্তরের মধ্যে নিবিড় সমন্বয় বজায় রেখে কাজ করার পরামর্শ দেন। তিনি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। পেশাদারিত্ব বজায় রেখে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।