Jugersathi

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চিকিৎসকদের সঙ্গে সংসদ সদস্য ডা. বাবরের মতবিনিময়

স্টাফ রিপোর্টার:

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে চিকিৎসকদের সাথে মতবিনিময় করেছেন গোপালগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. কে এম বাবর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের বর্তমান চিকিৎসা সেবার মান, বিদ্যমান বিভিন্ন সংকট ও সীমাবদ্ধতার কথা তুলে ধরে বক্তব্য রাখেন বিশেষজ্ঞ চিকিৎসক এবং প্রতিষ্ঠান প্রধানেরা।

আলোচনা শেষে সংসদ সদস্য ডা. কে এম বাবর তার বক্তব্যে চিকিৎসা বিভাগে কর্মরত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি আশ্বস্ত করেন যে, হাসপাতালে বিদ্যমান সকল সংকট সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডা. কে এম বাবর আরও বলেন, “জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা আমার প্রধান লক্ষ্য। স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও উন্নত করতে আমি বদ্ধপরিকর।” তিনি চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

উক্ত সভায় হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

Scroll to Top