স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছে যৌথ বাহিনী। বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার কলেজ রোডের ‘মেসার্স জালাল এন্টারপ্রাইজ’ নামক একটি প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত। অভিযানে কাশিয়ানী সেনাবাহিনী ক্যাম্পের সদস্য এবং মুকসুদপুর থানা পুলিশ সহযোগিতা প্রদান করে।
আদালত সূত্র জানায়, আন্তর্জাতিক পরিস্থিতির সুযোগ নিয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার অপরাধে পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০ (১) ধারায় ব্যবসায়ী শাহজালাল শেখকে (৪৮) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই ব্যবসায়ীর লাইসেন্সটি জব্দ করেছে প্রশাসন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত জানান, জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এবং অসাধু মজুদদারি প্রতিরোধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।