উপজেলা প্রতিনিধি মুকসুদপুর
গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে রোহান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোচনা ইউনিয়নের নওহাটা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার দক্ষিণ বাড্ডা এলাকার বাসিন্দা নাদিমের ছেলে রোহান সাত দিন আগে তার নানা শওকত শেখের বাড়ি নওহাটা গ্রামে বেড়াতে আসে। রোববার সকালে বাড়ির পাশের লোকমান তালুকদারের পুকুরে অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে তলিয়ে যায় সে।
এ সময় অন্য শিশুদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে রোহানকে পুকুরের পানির নিচ থেকে উদ্ধার করে দ্রুত মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
পরে পরিবারের সদস্যরা রোহানের মরদেহ তার নানা বাড়ি নওহাটায় নিয়ে যান।
ঘটনার খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।