Jugersathi

মুকসুদপুরে ট্রাকের নিচে মোটরসাইকেল : সিসিটিভিতে ধরা পড়ল ২ ছাত্রের মৃত্যুর মুহূর্ত

স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জের মুকসুদপুরে বেপরোয়া গতির বলি হয়ে প্রাণ হারিয়েছে দশম শ্রেণির দুই মেধাবী শিক্ষার্থী। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার রিশাতলা নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিউরে ওঠা দৃশ্যটি ধরা পড়েছে স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরায়।

নিহতরা হলো—মুকসুদপুর এস জে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রাফছান রাফি ও তার সহপাঠী অনুজ। রাফি মুকসুদপুর পৌরসভার দক্ষিণ চন্ডিবরদী এলাকার জাহিদ মিয়ার ছেলে এবং অনুজ শিমুলশুর গ্রামের শিশির কর্মকারের ছেলে।

সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ঢাকাগামী একটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। সংঘর্ষের প্রচণ্ডতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটিও রাস্তা থেকে ছিটকে পড়ে। এ সময় ট্রাকের পেছনে থাকা একটি ইজিবাইকও ভারসাম্য হারিয়ে উল্টে যায়।

গুরুতর আহত অবস্থায় দুই শিক্ষার্থী ও ইজিবাইক চালককে উদ্ধার করে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাফছানকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পরই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় অনুজ।

পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দুই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে শোকের মাতম চলছে।

Scroll to Top