বিশ্ববিদ্যালয় সংবাদদাতা :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রশাসনের নানা ব্যর্থতা ও শিক্ষার্থীদের দেওয়া আশ্বাস বাস্তবায়নে দীর্ঘসূত্রিতার প্রতিবাদে এক অভিনব ‘মূলা ঝুলানো’ কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, গোবিপ্রবি শাখা।
বুধবার (২৮ জানুয়ারী) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. হোসেন উদ্দিন শেখর এবং প্র-ভিসির কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা মূলা ঝুলিয়ে দিয়ে এই প্রতীকী প্রতিবাদ জানান।
বাজেট বরাদ্দ থেকে শুরু করে ক্যাম্পাস নিরাপত্তাসহ নানা বিষয়ে প্রশাসনের গাফিলতির অভিযোগ এনে শিক্ষার্থীরা ৪টি প্রধান দাবি তুলে ধরেন: ১. বাজেট বরাদ্দ পাসের ক্ষেত্রে প্রশাসনের চরম ব্যর্থতা দূর করা। ২. ক্যাম্পাস ও শিক্ষার্থীদের নিরাপত্তায় অবিলম্বে পুলিশ বক্স স্থাপন। ৩. শিক্ষক সংকট নিরসনে দ্রুত নতুন শিক্ষক নিয়োগ দেওয়া। ৪. বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করা এবং আইডি কার্ডের জন্য নেওয়া অতিরিক্ত টাকা ফেরত বা সমন্বয় করা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনও বিগত ৫ আগস্টের আগের প্রশাসনের মতো শিক্ষার্থীদের কেবল আশ্বাসের ‘মূলা’ দেখিয়ে আসছে। বাস্তবে কোনো প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যাচ্ছে না। তাই প্রশাসনের এই ফাঁকা প্রতিশ্রুতিকে ব্যঙ্গ করে তারা প্রশাসনকেই প্রতীকী মূলা উপহার দিয়েছেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বশেমুরবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব, দাওয়াহ সম্পাদক মো. সোহেল রানা, প্রশিক্ষণ সম্পাদক মিশকাতুল আলম অলি এবং কার্যনির্বাহী সদস্য মো. ইব্রাহিমসহ সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুততম সময়ের মধ্যে তাদের এই যৌক্তিক দাবিগুলো পূরণ করা না হয়, তবে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
ভোগান্তি ও প্রশাসনের ব্যর্থতা: গোবিপ্রবি শিক্ষার্থীদের প্রতীকী ‘মূলা ঝুলানো’ প্রতিবাদ
- জানুয়ারি ২৮, ২০২৬
- ৮:১৯