স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বেকার ভাতা মূলত বেকার তৈরির কারখানা। বেকাররা দয়া বা ভাতা চায় না, তারা চায় সম্মানজনক কর্মসংস্থান। শনিবার (২৪ জানুয়ারি) সকালে গাইবান্ধার পলাশবাড়ী এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দলীয় ঐক্য জোট আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বেকারত্ব নিরসনে দলের অবস্থান স্পষ্ট করে বলেন, আল্লাহ যদি জামায়াতে ইসলামীকে জনগণের সহযোগিতায় সরকার গঠনের সুযোগ দেন, তবে বেকারদের ভাতা দিয়ে অলস করে রাখা হবে না। বরং তাদের আধুনিক ও প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে বাস্তবমুখী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি জোর দিয়ে বলেন, এই দেশ তরুণদের। পরিকল্পিত প্রশিক্ষণ, নৈতিকতা ও দক্ষতা থাকলে বেকারত্ব কোনো সমস্যা হতে পারে না। কর্মক্ষম মানুষের জন্য কাজের ক্ষেত্র তৈরি করে দেওয়া রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।
গাইবান্ধা জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবুর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহ সিগবা।
সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও গাইবান্ধা-২ আসনের প্রার্থী আব্দুল করিম, অধ্যাপক মাজেদুর রহমান, ডা. আব্দুর রহিম সরকার এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেশ। এছাড়াও এবি পার্টি, খেলাফত মজলিশ ও ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দসহ ১০ দলীয় ঐক্য জোটের জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।