স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বিভিন্ন বিভাগের ২৬ জন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অস্বচ্ছলদের শিক্ষা সহায়তা, অসুস্থদের চিকিৎসা সহায়তা, কনফারেন্স ও অনুষ্ঠান আয়োজনে ২৬ শিক্ষার্থীকে ৯৬ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
ছাত্র পরামর্শ ও নিদের্শনা দপ্তর আয়োজিত এই সহায়তা প্রদাণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, মানবিকী অনুষদের ডিন মো. আব্দুর রহমান, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, ছাত্র পরামর্শ ও নিদের্শনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের সভাপতি।
উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। শিক্ষকরাও একাডেমিক পরিবেশ বজায় রাখার জন্য কাজ করবেন বলে প্রত্যাশা রাখি। শিক্ষার্থীরা কী চায়, তা আমাদের বুঝতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নতুন কিছু করতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।