Jugersathi

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত পাকিস্তানের!

ক্রীড়া ডেস্ক :
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে খুব বেশি সময় বাকি নেই। তবে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে শঙ্কা এখনও কাটেনি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ২১ জানুয়ারি। তবে এরই মাঝে খবর এসেছে, পাকিস্তান দলের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিতের নির্দেশ দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। এমন খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার।
সূত্রের বরাত দিয়ে পাকিস্তান অবজারভার এক প্রতিবেদনে জানিয়েছে, ভবিষ্যৎ করণীয় সম্পর্কে পরবর্তী সময়ে টিম ম্যানেজমেন্টকে অবহিত করা হবে। এছাড়া পাকিস্তান যদি টুর্নামেন্টে অংশগ্রহণ না করে, সেটির বিকল্প পরিকল্পনা জমা দিতেও টিম ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছে পিসিবি।

নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। এমন সিদ্ধান্তে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে পাকিস্তান। তারা জানিয়েছে, বাংলাদেশের নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ যৌক্তিক ও ন্যায্য।

ঘটনার শুরুটা হয় আইপিএলের নিলামের পর থেকে। এবারের আইপিএলের নিলাম থেকে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর ভারতে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর তোপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে বাদ দেয় কলকাতা।

বাংলাদেশের যুক্তি, যেখানে একজন ক্রিকেটারকেই নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত, সেখানে পুরো বাংলাদেশ দলকে কীভাবে নিরাপত্তা দেবে তারা? আর সে কারণেই ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। ভারতের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কায় টুর্নামেন্ট খেলতে চায় বাংলাদেশ। এ বিষয়ে আইসিসির সঙ্গে আলোচনাও হয়েছে বিসিবির। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ২১ জানুয়ারি।

Scroll to Top