বিশ্ববিদ্যালয় সংবাদদাতা :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মেইন গেট থেকে পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিতে যাত্রা শুরু করেছেন চার রোভার স্কাউট। শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাদের এই ‘পরিভ্রমণ’ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
অভিযাত্রী এই দলেটিতে রয়েছেন, গোবিপ্রবি’র শিক্ষার্থী রোভার ইমরান, রোভার অশোক, রোভার তরিকুল এবং সরকারি মুকসুদপুর কলেজের রোভার মুরছালিন। পাঁচ দিনের এই দীর্ঘ যাত্রায় তারা বাগেরহাট, পিরোজপুর ও বরগুনা হয়ে পটুয়াখালী পৌঁছাবেন। পথিমধ্যে তারা বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন, বিশিষ্ট ব্যক্তিদের সাথে সাক্ষাৎ এবং সামাজিক সচেতনতামূলক প্রচারণায় অংশ নেবেন।
যাত্রার শুরুতে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা রোভারের সম্পাদক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব জুবাইর আল মাহমুদ এবং বিশ্ববিদ্যালয় রোভার গ্রুপের সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ মজনুর রশিদ।
পরিভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে দলনেতা রোভার ইমরান বলেন, “প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে এই পরিভ্রমণকারী ব্যাজ অর্জন করা আমাদের লক্ষ্য। সাধারণ ভ্রমণের চেয়ে এখানে শিক্ষা ও অভিজ্ঞতার বাস্তব দিকটি বেশি গুরুত্ব বহন করে।” রোভার তরিকুল জানান, এই যাত্রার মাধ্যমে পরিবেশের কাছাকাছি থেকে বাস্তব জ্ঞান অর্জন, সহনশীলতা বৃদ্ধি এবং আত্মবিশ্বাস তৈরিতে তারা বিশেষ ভূমিকা রাখছেন।