বিনোদন ডেস্ক:
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন টালিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। শুক্রবার (২৩ জানুয়ারি) সরস্বতী পূজার রাতে দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ঘর বাঁধেন তিনি। মধুমিতার স্বামী দেবমাল্য শোবিজ জগতের কেউ নন; পেশায় তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
বিয়ের বিশেষ এই রাতে মধুমিতা ধরা দিয়েছিলেন চিরাচরিত বাঙালি সাজে। পরনে লাল বেনারসি, গায়ে সোনার গয়না আর কপালে চন্দনের সূক্ষ্ম নকশায় তাকে অপরূপা লাগছিল। জীবনের নতুন অধ্যায় নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী বলেন, “পর্দার বিয়ের সঙ্গে বাস্তব জীবনের বিয়ের কোনো তুলনাই হয় না। নিজের বিয়ে সবসময়ই সবচেয়ে বেশি স্পেশাল।”
ঘরোয়া আয়োজনে সম্পন্ন হওয়া এই বিয়েতে আমন্ত্রিত ছিলেন পরিচালক শিলাদিত্য মৌলিকসহ মধুমিতার ঘনিষ্ঠ কিছু মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর বিয়ের ছবি পোস্ট করে শুভকামনা জানিয়েছেন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। জানা গেছে, দেবমাল্যর সঙ্গে মধুমিতার প্রেমের সম্পর্ক প্রায় পাঁচ বছরের। গত বছরের মার্চেই তিনি জানিয়েছিলেন, বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসতে চান তারা।
উল্লেখ্য, এটি মধুমিতার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১১ সালে নিজের প্রথম সিরিয়াল ‘সবিনয় নিবেদন’-এর কাজ চলাকালীন অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। ২০১৫ সালে মাত্র ২০ বছর বয়সে তারা বিয়ে করেছিলেন, তবে ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় নিজেকে ‘সিঙ্গল’ দাবি করার পর দেবমাল্যর সঙ্গে নতুন জীবন শুরু করলেন এই তারকা।
ছোট পর্দার ‘পাখি’ কিংবা ‘ইমন’ হিসেবে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া মধুমিতা বর্তমানে সিনেমা ও ওয়েব সিরিজেও দাপটের সঙ্গে কাজ করছেন। দীর্ঘ বিরতির পর নতুন জীবনের এই শুরু নিয়ে ভক্তদের মাঝে বইছে আনন্দের জোয়ার।