টুঙ্গিপাড়া সংবাদদাতা:
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুর ১২টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের ‘বজ্রকণ্ঠ’ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল আলম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী এবং সাংবাদিক মেহেদী হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের সর্বস্তরে নারী ও কন্যাদের অধিকার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর শিক্ষা, অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হলেই কেবল একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। বর্তমান প্রেক্ষাপটে নারীর অধিকার রক্ষায় আইনি ও সামাজিক সুরক্ষার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠান শেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পাঁচজন অদম্য নারী এবং সফল পাঁচজন নারী উদ্যোক্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।