টুঙ্গিপাড়া সংবাদদাতা:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম। বুধবার (১৮ মার্চ ২০২৬), ২৮ রমজান দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সামগ্রী বিতরণ করা হয়। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিকদের প্রতি সম্মাননা ও শুভেচ্ছা জানাতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানা গেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিন-এর উপজেলা প্রতিনিধি শওকত হোসেন (মুকুল), সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা আফজাল হোসেন, আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি এস এম বিপুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান শেখ, সাধারণ সম্পাদক পাভেল সদ্দার, আজকের সংবাদ পত্রিকার প্রতিনিধি সজল সরকার, বাংলাভিশন টেলিভিশনের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবসহ টুঙ্গিপাড়ার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই এলাকার উন্নয়ন ও নানা সমস্যার কথা উঠে আসে। ঈদের এই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই তাঁর এই ক্ষুদ্র প্রচেষ্টা।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা ইউএনও জহিরুল আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন। সাংবাদিকদের পক্ষ থেকে আফজাল হোসেন তাঁকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয় এবং উপস্থিত সকল সাংবাদিক ঈদ সামগ্রী গ্রহণ করেন।