সোহেল হাওলাদার (কোটালীপাড়া) :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে ১০ দলীয় জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এম এম রেজাউল করিম। এর ফলে এই আসনে জোটের একক ও চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আ: আজিজ মক্কী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর নেতৃত্বে সমমনা ইসলামী দলগুলোর ১০ দলীয় জোট কৌশলগত কারণে গোপালগঞ্জ-৩ আসনটি শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কেন্দ্রের এই নির্দেশনা মেনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেন জেলা জামায়াতের আমীর এম এম রেজাউল করিম।
মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের সাথে আলাপকালে রেজাউল করিম বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক ও সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন। এখানে ব্যক্তির চেয়ে দলের এবং জোটের বৃহত্তর স্বার্থ বড়। কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই আমি মনোনয়ন প্রত্যাহার করেছি। এ নিয়ে আমার কোনো ব্যক্তিগত অনুযোগ নেই।”
জোটের স্বার্থে গোপালগঞ্জ ৩ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন জামায়াত নেতা রেজাউল করিম
- জানুয়ারি ২০, ২০২৬
- ১১:১৭