Jugersathi

গোবিপ্রবিতে ৪৭৫ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় আরও আগ্রহী করে তুলতে ৪৭৫ জন মেধাবী শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টেনিস কোর্টে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগের সকল সেমিস্টারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় এসেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “নানা সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা বিশ্ববিদ্যালয়কে র‍্যাংকিংয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আজ মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রায় ১৭ লাখ টাকার বৃত্তি দেওয়া হলো। চলতি শিক্ষাবর্ষে মোট ৩৫ লাখ টাকা বৃত্তি প্রদান করা হবে। এখন থেকে স্নাতক পর্যায়ে প্রতি অনুষদ ও বিভাগের প্রথম স্থানধারীদের নিয়মিত ‘ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড’ ও ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে।” তিনি আরও জানান, শিক্ষার্থীদের দেশ-বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে দ্রুত একটি ‘স্কলারশিপ ডেস্ক’ চালু করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, “স্কলারশিপ কোনো করুণা নয়, এটি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের অর্জন। এই অর্জন তাদের ভবিষ্যৎ জীবনে আরও বড় সাফল্যের অনুপ্রেরণা জোগাবে।”

ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান তার বক্তব্যে বলেন, “আমরা আজ মেধার স্বীকৃতি দিচ্ছি। এই প্রাপ্তির মর্যাদা ধরে রেখে শিক্ষার্থীদের আগামীতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে হবে।”

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান এবং পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান।

এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর এবং বৃত্তিপ্রাপ্ত বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বৃত্তির চেক হাতে পেয়ে শিক্ষার্থীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

Scroll to Top