Jugersathi

গোবিপ্রবিতে পাঞ্জেগানা মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) মুসলিম শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের চাহিদা মেটাতে পাঞ্জেগানা মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় প্রশাসনিক ভবনের পেছনের নির্ধারিত স্থানে এই নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

জানা গেছে, জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) বিশেষ সহায়তায় এই মসজিদটি নির্মিত হচ্ছে। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই মসজিদে নারী ও পুরুষ মুসল্লিদের জন্য পৃথক ওজু ও নামাজ আদায়ের সুব্যবস্থা থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষক-শিক্ষার্থীদের নামাজ আদায়ের সুবিধার্থে এই মসজিদটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” মসজিদ নির্মাণে আন্তরিক সহযোগিতার জন্য তিনি জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, গোপালগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, সহকারী প্রকৌশলী মো. রকিবুল কবির,বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর এবং বিভাগীয় প্রধানগণ।

উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি এবং মসজিদের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে এই উদ্যোগকে স্বাগত জানান।

Scroll to Top