Jugersathi

গোপালগঞ্জ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে: এস এম জিলানী

টুঙ্গিপাড়া সংবাদদাতা:

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, “গোপালগঞ্জ বাংলাদেশের ৬৪ জেলার একটি—এটি বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া দেশের বাইরে কোনো উপজেলা নয়। এখানে উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে হবে কি না—এ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই।”

সোমবার (২ মার্চ) বেলা ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গোপালগঞ্জ জেলার উন্নয়নে কোনো কার্পণ্য না করার নির্দেশনা দিয়েছেন। দেশের অন্যান্য উন্নত জেলার মতো গোপালগঞ্জও সব ধরনের নাগরিক সুবিধা ভোগ করবে এবং উন্নয়নের ক্ষেত্রে এ জেলার প্রতি কোনো বৈষম্য করা হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা প্রশাসনিক সমন্বয়, উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি এবং জনসেবা নিশ্চিতকরণ বিষয়ে মতামত তুলে ধরেন।

সংসদ সদস্য আরও বলেন, “আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করব। কোনো ব্যক্তিগত বা দাপ্তরিক সমস্যা থাকলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। সমস্যা সমাধানে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

সভা শেষে পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং উপজেলা পরিষদের সামনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

দুপুর ১২টায় এস এম জিলানী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’-এর আওতায় টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়নে গ্রামীণ পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফয়েজ আহমেদ, উপজেলা প্রকৌশলী প্রদীপ মজুমদারসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে বেলা দেড়টার দিকে তিনি টুঙ্গিপাড়া ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজ নেন এবং চিকিৎসক-নার্সদের কাছ থেকে দাপ্তরিক চ্যালেঞ্জগুলো শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

Scroll to Top