Jugersathi

গোপালগঞ্জে ১০ দলীয় জোট প্রার্থীর বিশাল গণমিছিল

মো: আলমগীর হোসেন ঝন্টু :

গোপালগঞ্জ-২ আসনে ১০ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ও বাংলাদেশ খেলাফতে মজলিস নেতা শুয়াইব ইব্রাহীমের সমর্থনে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে জোটের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে এই মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, এদিন বিকেল সাড়ে ৩টায় শহরের সড়ক ভবনের সামনে জমায়েত হন জোটের অনুসারীরা। সেখান থেকে ‘রিকশা’ প্রতীকের সমর্থনে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা রিকশা প্রতীকের ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগান দিতে থাকেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করার সময় রাস্তার দুই পাশে উৎসুক জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রার্থী শুয়াইব ইব্রাহীম।

শহর প্রদক্ষিণ শেষে মিছিলটি স্থানীয় পৌর পার্কে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ১০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, এলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে ‘রিকশা’ প্রতীকের বিকল্প নেই। তারা আগামী নির্বাচনে ভোটারদের কেন্দ্রে গিয়ে শুয়াইব ইব্রাহীমকে জয়যুক্ত করার আহ্বান জানান।

প্রার্থী শুয়াইব ইব্রাহীম তার বক্তব্যে বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন আমাদের সাহস যোগাচ্ছে। আমরা সাধারণ মানুষের সেবা করতে চাই। রিকশা প্রতীক হবে সাধারণ মানুষের মুক্তির প্রতীক।”

নির্বাচনী প্রচারণার এই গণমিছিলকে কেন্দ্র করে জেলা শহরের সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

 

Scroll to Top