যুগের সাথী ডেস্ক :
গোপালগঞ্জের কাশিয়ানীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) এর অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করেছে র্যাব।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে কাশিয়ানী উপজেলার মাঝীগাতী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: ফেনী জেলার ছাগলনাইয়া থানার দক্ষিণ আধার মানিক গ্রামের নুরুল হুদার ছেলে মোহাম্মদ আবু তাহের (৪০), ও একই এলাকার আবুল কাশেমের ছেলে মোঃ নুরুল আলম।
র্যাব-৬, সিপিসি সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাবের একটি আভিযানিক দল জানতে পারে যে, ঢাকা থেকে বিপুল পরিমাণ মাদক একটি মাইক্রোবাসযোগে বাগেরহাটের দিকে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে মাঝীগাতী বাসস্ট্যান্ড সংলগ্ন জয়নগর-ব্যাশপুর রোডে অবস্থান নেয় র্যা ব।
সন্দেহভাজন মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি চালালে ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কেনাবেচা ও পরিবহনের অভিযোগে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
মাদকবিরোধী “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।