Jugersathi

গোপালগঞ্জে পুলিশের অভিযানে ৬৯০ পিস ইয়াবাসহ কিশোর আটক

স্টাফ রিপোর্টার:

গোপালগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৯০ পিস ইয়াবাসহ রিফাত শেখ (১৭) নামে এক কিশোরকে আটক করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর রাতে গোপালগঞ্জ সদর থানাধীন পুলিশ লাইন্স মোড় সংলগ্ন ট্রাফিক বক্সের সামনে থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

গোপালগঞ্জ সদর থানার নিয়মিত মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পুলিশ লাইন্স মোড় এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে ভোর আনুমানিক ৫:৪৫ ঘটিকায় সদর থানার একটি চৌকস টিম ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে কিশোর রিফাত শেখকে আটক করা হয়।

আটককৃত রিফাতের দেহ তল্লাশি করে তার পরিহিত জ্যাকেটের ভেতর থেকে চারটি স্বচ্ছ পলি জিপারে মোড়ানো মোট ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৭ হাজার টাকা। জব্দকৃত ইয়াবার মোট ওজন ৬৯ গ্রাম।

আটককৃত রিফাত শেখ নড়াইল জেলার নড়াগাতী থানাধীন চাপাইল গ্রামের মৃত রবিউল শেখের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, সে দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে গোপালগঞ্জ সদর থানা এলাকায় কেনাবেচা করে আসছিল।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, মাদকের মূল উৎপাটনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Scroll to Top