স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই এবারের নির্বাচনে এক অভূতপূর্ব ও নজিরবিহীন চিত্র ফুটে উঠেছে। প্রাপ্ত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, প্রতিটি আসনেই গণ ভোটের ব্যালট পেপারে থাকা ‘না’ ভোটের সংখ্যা ‘হ্যাঁ’ ভোটের তুলনায় কয়েকগুণ বেশি পড়েছে। ভোটারদের এমন গণহারে ‘না’ ভোট দেওয়ার ঘটনা গণভোট ও জেলার নির্বাচনী ইতিহাসে এই প্রথম।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত পোস্টাল ব্যালটসহ তথ্য বিশ্লেষণে দেখা যায়:
গোপালগঞ্জ-১ (সংসদীয় আসন-২১৫): এই আসনে ভোটারদের পক্ষ থেকে সবচেয়ে বড় প্রত্যাখান লক্ষ্য করা গেছে। এখানে মোট ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৮ হাজার ২৯৮টি। এর বিপরীতে ‘হ্যাঁ’ ভোট পড়েছে মাত্র ৫৪,৭১৬টি। অর্থাৎ ‘না’ ভোটের সংখ্যা ‘হ্যাঁ’ ভোটের দ্বিগুণেরও বেশি।
গোপালগঞ্জ-২ (সংসদীয় আসন-২১৬): সদর আসন হিসেবে পরিচিত এই নির্বাচনী এলাকায় ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৭ হাজার ২৯০টি। বিপরীতে এই আসনে ‘হ্যাঁ’ ভোট সংগ্রহ করতে পেরেছে মাত্র ৩৪,৩০১টি। এখানেও বিপুল ব্যবধানে ‘না’ ভোট জয়ী হয়েছে।
গোপালগঞ্জ-৩ (সংসদীয় আসন-২১৭): টুঙ্গিপাড়া-কোটালীপাড়া নিয়ে গঠিত এই আসনেও ‘না’ ভোটের জোয়ার দেখা গেছে। এই আসনে ‘না’ ভোট পড়েছে ৯৩ হাজার ৩৬৮টি। আর বিপরীতে ‘হ্যাঁ’ ভোট পড়েছে মাত্র ৩৩,৪৯৮টি।