স্টাফ রিপোর্টার :
গোপালগঞ্জ সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৬০ গ্রাম গাঁজাসহ আসিব সরদার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, মঙ্গলবার গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবলী শবনমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গোপালগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে আসিব সরদারকে ৬০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসিব সরদার গোপালগঞ্জ সদর থানার কুয়াডাঙ্গা গ্রামের ইউসুফ সরদারের ছেলে।
পরবর্তীতে পরিচালিত মোবাইল কোর্টের বিচারক বাবলী শবনম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসিবকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১,২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলাজুড়ে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।