Jugersathi

গোপালগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার:

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গোপালগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। অমর একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে গোপালগঞ্জ পৌর পার্ক সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

রাত ১২টা বাজার আগে থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাতে পুষ্পমাল্য ও ব্যানার নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন সর্বস্তরের মানুষ। ঘড়ির কাঁটা ১২টা ছোঁয়ার সাথে সাথেই জেলা প্রশাসক আরিফ-উজ- জামান গোপালগঞ্জ-২ আসনের সাংসদ ডা. কে এম বাবর ও পুলিশ সুপার মো: হাবিবুল্লাহকে সাথে নিয়ে প্রথমে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন । এরপর জেলা পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

পর্যায়ক্রমে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, জেলা পরিষদ, জেলা কারাগার, পৌরসভা,  এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার এলাকা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এসময় হাজারো মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

দিবসটি উপলক্ষে পুরো শহরজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় আল্পনা আর আলোকসজ্জার পাশাপাশি মাইকে বেজে চলে একুশের কালজয়ী গান।

Scroll to Top