স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জের কোটালীপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটর চালিত ভ্যান চাপায় সাইমা খানম নামে (৫) এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০৫ নভেম্বর) সকালে উপজেলার আমতলী ইউনিয়নের মনসাবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সাইমা খানম উপজেলার মনসাবাড়ি গ্রামের শাহজালাল মিয়ার মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শিশু সাইমা দাদার সাথে সকালে মনসাবাড়ি বাজারে বাজার করতে যায়। রাস্তা পারাপারের সময় দাদার হাত থেকে ছুটে যায় সায়মা। এসময় একটি মোটর চালিত ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।