কোটালীপাড়া সংবাদদাতা:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের চাপে শিক্ষার্থীদের নিষিদ্ধ গাইড বই কিনতে বাধ্য করার অভিযোগ উঠেছে। এই অভিযোগ খতিয়ে দেখতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
ঘটনার বিবরণে জানা যায়, ৬৮ নং তারাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাইড বই কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে নিয়ে শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের গাইড বই কিনতে উদ্বুদ্ধ করার অভিযোগ এনে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি ও শিক্ষার্থী অভিভাবক নেতা মনিরুজ্জামান শেখ জুয়েল। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে উপজেলা প্রশাসন দ্রুত তদন্তের সিদ্ধান্ত নেয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে প্রধান করে গঠিত ৩ সদস্যের এই তদন্ত কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ গাইড বইয়ের ব্যবহার রোধে প্রশাসন আপসহীন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে যদি শিক্ষকদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগকারী মনিরুজ্জামান শেখ জুয়েল জানান, কোমলমতি শিক্ষার্থীদের ওপর গাইড বইয়ের বোঝা চাপিয়ে দেওয়া এবং অভিভাবকদের আর্থিক ক্ষতির মুখে ঠেলে দেওয়ার প্রতিবাদেই তিনি এই অভিযোগ করেছেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।