কোটালীপাড়া সংবাদদাতা:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিরাজ হোসেন এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু তাহের হেলাল। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহমান শেখ রেহানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা ডা. আতিয়ার রহমান, সাংবাদিক মোঃ কামরুল হাসান ও গৌরাঙ্গ লাল দাস। শিক্ষার্থীদের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখে সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলটের দশম শ্রেণির শিক্ষার্থী লাবিবা সানজানা ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অহনা তাসনিম আরাবি।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এতে সুন্দর বাংলা হাতের লেখায় ১১ জন, চিত্রাঙ্কনে ১৩ জন, ছড়ায় ৫ জন এবং কবিতা আবৃত্তিতে ৪ জনসহ মোট ৩৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
এর আগে দিবসটির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।