Jugersathi

কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলির অভিযোগ: এলাকায় আতঙ্ক

কোটালীপাড়া সংবাদদাতা:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুমন শেখ নামে এক ব্যবসায়ীর বসতবাড়িতে ৪ রাউন্ড গুলি করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পিঞ্জুরী গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

ব্যবসায়ী সুমন শেখ জানান, সোমবার রাতে তারাবির নামাজ শেষে তিনি নিচ তলায় রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ দোতলায় পরপর ৪টি বিকট শব্দ শুনতে পান। দ্রুত উপরে গিয়ে তিনি নিজের শয়নকক্ষের জানালার গ্লাস ভাঙা ও সেখানে ৪টি ছিদ্র দেখতে পান। তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এটি সরাসরি আগ্নেয়াস্ত্রের গুলি নাকি গুলতি বা অন্য কিছু দিয়ে ছোঁড়া হয়েছে, তা নিশ্চিত হতে তদন্ত শুরু করা হয়েছে।

তদন্ত শেষে এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Scroll to Top