Jugersathi

কাশিয়ানীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেল সহস্রাধিক চক্ষু রোগী

স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জের কাশিয়ানীতে চক্ষু পরীক্ষা ক্যাম্পে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। এসময় বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করা হয়। ব্রাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় এ সেবা প্রদান করা হয়।

“দৃষ্টি ফিরে পাওয়ার পথ, গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ” এ শ্লোগান নিয়ে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) কাশিয়ানী উপজেলার ব্রাক কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত দিনব্যাপী এই চক্ষু ক্যাম্পের উদ্ভোধন করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ।

এসময় ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক রাজীব কুমার সরদার, সাউথ ডিভিশনের ডিভিশনাল কোঅর্ডিনেটর মোঃ জামির আলী, জেলা সমন্বয়ক মোঃ আব্দুল্লাহ আল ফারুক, কাশিয়ানী ব্রাঞ্চের ম্যানেজার অরুপ দত্তসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ চক্ষু পরীক্ষা ক্যাম্পে সহস্রাধিক চক্ষু রোগীকে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের বিশেষজ্ঞ ডাক্তারা বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। পরে তাদেরকে বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়া যাদের চোখে ছানি রয়েছে তাদেরকে বিনামূল্যে অপারেশন করা হবে।

Scroll to Top